পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
বিশেষ প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত দুই যুবক রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করার পর হঠাৎ পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে সড়কের পাশের খাদে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এখনো সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে চলাচলরত যানবাহনের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ