অনলাইন ডেস্ক: তেহরানের অদূরে অবস্থিত একটি পারমাণবিক অস্ত্র উন্নয়ন কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। গত কয়েক দিনের মধ্যে পরিচালিত এক সামরিক অভিযানে ইরানের পারচিন সামরিক কমপ্লেক্সের আওতাধীন তালেগান কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তালেগান কম্পাউন্ডে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছিল। ইসরাইলের দাবি, কেন্দ্রটি আমাদ প্রকল্পের অংশ হিসেবে ব্যবহৃত হতো, যা ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি বলে তারা অভিহিত করে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, অক্টোবর ২০২৪-এ এই কেন্দ্রে প্রথম হামলার পর ইরান এটি পুনরায় সচল করার চেষ্টা করছিল, যা শনাক্ত করে নতুন করে এই হামলা চালানো হয়।
ইসরাইলের এই হামলার ঘটনা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে সামনে এল। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অস্তিত্বের হুমকি হিসেবে চিহ্নিত করে সে সময় হামলা চালানো হয়েছিল। এর আগে মার্চের শুরুতে ইসরাইল তেহরানের উপকণ্ঠে আরেকটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল বলে দাবি করে।
অন্যদিকে, গত ১ ও ২ মার্চ ইরান অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের নাটানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আইএইএ, সে সময় জানায়, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ তারা পায়নি।
ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে জানিয়ে আসছে। সর্বশেষ এই হামলার দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ