খন্দকার শাহ আলম মন্টুঃ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক প্রশাসনিক উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে স্থানীয়ভাবে প্রশংসা কুড়াচ্ছেন। গত প্রায় পাঁচ মাসে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করে উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি এনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। পৌরসভার নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বও তার কাঁধেই রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় আলমডাঙ্গা ভূমি অফিসের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।
একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্যেও উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন সরকারি কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ইউএনও পান্না আক্তার। আলমডাঙ্গার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়মিত পরিদর্শন করছেন তিনি। কখনো পায়ে হেঁটে আবার কখনো সরকারি গাড়িতে করে বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
এদিকে আলমডাঙ্গা পৌর পশুহাট ও বিভিন্ন বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালনা করে পৌরসভার রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রশাসন। সংশ্লিষ্টরা জানান, এ পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ রাজস্ব আদায় সম্ভব হয়েছে, যা পৌরসভার উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
স্থানীয় একাধিক রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিক বলেন, ইউএনও পান্না আক্তার একজন দক্ষ ও মানবিক প্রশাসক। তার আচরণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করা সত্যিই বিস্ময়কর।
তারা আরও বলেন, তার নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষ প্রশাসনের ইতিবাচক পরিবর্তন প্রত্যক্ষ করছে।
প্রশাসনের একাধিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে ইতোমধ্যেই আলমডাঙ্গাবাসীর কাছে একজন কর্মঠ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন ইউএনও পান্না আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ