আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: "জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ০৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমীন, বিএনপি নেতা মোহাম্মদ আলী ভূইয়া, জেলা মৎস্যজীবি সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী, মৎস্য দপ্তরের ব্যক্তিবর্গসহ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ প্রমূখ। এসময় বক্তারা বলেন, ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ-পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারী অনধিক ২ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড অথবা ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। তাই এসময়ে সকলকে জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ