জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি'র টহলদল। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮ বিজিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিজিবির একটি টহল দল। অভিযানকালে আন্তর্জাতিক সীমানার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে “KF 7.65” লেখা পাওয়া গেছে। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।
অভিযান পরিচালনা করেন জেসিও-৯৪০৩ নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদের নেতৃত্বে বিজিবি'র টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। তিনি বলেন, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ