নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে এসব কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্ধারিত ফেরিতে না উঠে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে পাশের একটি ফেরির র্যাম্পে আঘাত করে। এতে র্যাম্প ভেঙে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি জেলা প্রশাসনও পৃথক তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
নৌ প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার পেছনে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ঘাট-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করবে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে নেওয়ার নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ সিদ্ধান্ত বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাসটির যান্ত্রিক ত্রুটি, চালকের শারীরিক অবস্থা, ড্রাইভিং সক্ষমতা এবং যানবাহনের ফিটনেসসহ সংশ্লিষ্ট সব বিষয় তদন্ত করা হবে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। এছাড়া চালক ও তাঁর সহকারী সুস্থ হওয়ার পর তাঁদের বক্তব্যও নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, নৌপুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে করবী ফেরিতে ওঠার সময় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরি দলের সহায়তায় দুপুর ১২টার দিকে নদী থেকে বাসটি উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ