আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী প্রতিনিধি: দীর্ঘদিনের বিভক্তি ও অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে বোয়ালমারীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
শনিবার (৬ জুন) নিজ কার্যালয়ে বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা সভার আয়োজন করেন তিনি। সভায় প্রেসক্লাবের চলমান বিভক্তি, অভ্যন্তরীণ বিরোধ এবং সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মত অনুরোধে খন্দকার নাসিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি যোগ্যতার ভিত্তিতে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনের মাধ্যমে বোয়ালমারী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ও নিয়মিত কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট কোরবান আলী, মো. রিজাউল হক, কাজী হাসান ফিরোজ, আনোয়ার হোসেন, কাজী আমীনুল ইসলাম এবং মহব্বত জান চৌধুরী। তারা বোয়ালমারী প্রেসক্লাবের বিভিন্ন ধারার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সভায় বক্তারা বলেন, বোয়ালমারীর সাংবাদিক সমাজকে এক ছাতার নিচে আনার ক্ষেত্রে খন্দকার নাসিরুল ইসলামের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
উপস্থিত সাংবাদিকরা তার আন্তরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ