খন্দকার শাহ আলম মন্টুঃ আলমডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড, আনন্দধাম দাস পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহল্লাবাসী আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক (লিপু)।
বৈঠকে দাস পাড়ার স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও সুধীজন অংশ নেন। এ সময় তারা তাদের বিভিন্ন সুখ-দুঃখ, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভাব এবং নানাবিধ সমস্যার কথা মেয়র পদপ্রার্থীর সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে হাসিবুল হক লিপু বলেন,
"ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। আমরা একই সুতোয় গাঁথা। আপনাদের যেকোনো বিপদ-আপদে এবং প্রয়োজনে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।"
বৈঠক চলাকালীন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এলাকার একটি পুরানো ও ভেঙে পড়া মন্দিরের জীর্ণদশার কথা তুলে ধরলে, মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু তাৎক্ষণিকভাবে মন্দিরটির সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সংস্কার কাজে সার্বিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন। লিপুর এই তাৎক্ষণিক উদ্যোগে উপস্থিত দাস পাড়ার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত উঠোন বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা হাসিবুল হক লিপুর মতো একজন পরোপকারী ও অসাম্প্রদায়িক মানবিক নেতাকে আগামীতে আলমডাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ