মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৬টি মামলার আসামি ও আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম গডফাদার মনির হোসেন ওরফে মনির (৪৬) এবং তার এক নারী সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৯১,৪২০ (এক লক্ষ একানব্বই হাজার চারশত বিশ) টাকা উদ্ধার ও জব্দ করে পুলিশ।
আজ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর থানার ০৩ নং পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের নিজ বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট মনির হোসেন ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
ঝিনাইদহ জেলা পুলিশ জেলার মাদকের বিস্তাররোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘুগরী বাগানপাড়া গ্রামে মনিরের বাড়িতে একটি সফল অভিযান চালায়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির ও তার নারী সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত মনির হোসেন দেশের একটি বড় মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান চালিকাশক্তি। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা, নাটোর জেলা, ঢাকা জেলা এবং ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের মোট ১৬টি মামলা রয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান কঠোরভাবে জারি থাকবে। কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরের অন্যান্য সহযোগীসহ জেলার সকল মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ