এসএম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন— চরমপন্থী দলের সাবেক সদস্য আলী হোসেন (৫৩) এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলী হোসেন তার সন্তানকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় রাখতে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত সন্তানের সামনেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, নিহত আলী হোসেন চরমপন্থী দলের সাবেক সদস্য ছিলেন।
এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তুচ্ছ ঘটনার জেরে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের সঙ্গে রাকিব নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে মনিরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুলের মৃত্যু হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাকিবকে আটক করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মনিরুলের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দুটি ঘটনারই কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এই জোড়া হত্যাকাণ্ডের পর পাবনা শহর জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ইয়াসির আরাফাত মিলন
স্বরস্বত্ব সংরক্ষিত © ২০২৪ - প্রতিদিনের আলোচিত ক্ন্ঠ