নিলুফার জেসমীন রুমা:
ভর-দুপুরে অভুক্ত চিল ডানা ঝাপটায় আকাশে!
আনাচে-কানাচে পঁচা-গলা লাশের গন্ধে
বিভোর থাকে শকুনের দল।
শেয়ালগুলো হাঁক ছাড়ে ভিড়ের মধ্যে ছুঁচো ধরার
নেশায়….
মানুষ নেই কোথাওওওও
অমানুষগুলো মুখোশ পড়ে ঘুরে বেড়ায় দানবের
ছত্রছায়ায়।
কালো বিড়াল দিনে-রাতে চারপাশে ওঁত পেতে বসে থাকে
হিংস্র থাবা বাড়িয়ে…
ক্ষুধার্ত কুকুর চারদেয়ালের ভিতরেই ধুঁকছে!
রাতের অন্ধকারে ডাহুক অনুযোগের সুরে বলে,
মাটির ঘরে সুখ কোথায় পাও, সুখ কি আছে?
প্রতিনিয়ত রাঘব বোয়ালের তান্ডবে চুনোপুঁটির অকাল মৃত্যু!
সে খবর রাখে না কেউ।
চারপাশের নর্দমা আর অন্ধকুয়ার জলে ভেসে উঠা-
শেওলার গায়ে অন্তহীন জিজ্ঞাসা…
জীবিত আত্মায় পুণ্যি কোথায়?
অসুখে পরিপূর্ণ মনুষ্যত্ববোধ, জরাজীর্ণ ধরিত্রী!