মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৪০ মিনিটে হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর এলাকায় এই রাজনৈতিক কর্মসূচি পালিত হয়।
নির্বাচনী এই মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত জনসভায় মিলিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-দর্শনা-জীবননগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু। বক্তৃতার শুরুতেই তিনি এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে সাধুবাদ জানান।
তিনি তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে চাকরির নামে যে বিশাল অঙ্কের অর্থ লেনদেন ও দুর্নীতি হয়েছে, তার অবসান ঘটানোই হবে বিএনপি সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘শুদ্ধি অভিযান’ পরিচালনা করা হবে। এই অভিযান কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে এবং তা শুরু করা হবে দলের ভেতর থেকেই।
শিক্ষার্থীদের উন্নয়নে এক বিশেষ অঙ্গীকার ব্যক্ত করে মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় খরচ এমপির তহবিল থেকে বহন করার উদ্যোগ নেব। অর্থের অভাবে কোনো মেধাবী তরুণ-তরুণীর স্বপ্ন যেন ঝরে না পড়ে, তা নিশ্চিত করা হবে।”
তিনি একটি শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ রফিকুল হাসান তনু, সাধারণ সম্পাদক, দামুড়হুদা উপজেলা বিএনপি।
মোঃ আব্দুল মতিন, ওয়ার্ড সভাপতি, নতুন বাস্তপুর বিএনপি। মোঃ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক, দামুড়হুদা উপজেলা যুবদল।
মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, হাউলী ইউনিয়ন কৃষক দল। মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল। বিএনপি নেতা রাজু আহমম্মেদ, সুমন, হাসান গাজী, জিয়াউর রহমান, সোহান, মিঠনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভার শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে মাহমুদ হাসান খাঁন বাবুকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপস্থিত জনসাধারণের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উদ্দীপনা ও জনজোয়ার লক্ষ্য করা গেছে।