নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের জনগণ সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছেন। তিনি দেশের সব নাগরিককে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ।,
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে তিনি অভিনন্দন জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের বাতিঘর হিসেবে কাজ করে। সরকার ও বিরোধীদল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশ গঠনে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পথ ও মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যই দেশের শক্তি। বিভাজনকে দুর্বলতা বলে মন্তব্যও করেন তিনি।,