রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজান দক্ষিণ দেওয়ানপুর শশি সওদাগর বাড়িতে অবস্থিত শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এ মহোৎসবে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মালোচনার মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় আবহে মুখরিত হয়ে ওঠে। তিনদিনের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল আরতি, মঙ্গল শোভাযাত্রা, চণ্ডীপাঠ, ধর্মালোচনা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অন্নপ্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।
শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস এবং শুভ অধিবাসে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর বাবলা চক্রবর্ত্তী।প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে মন্দিরের অধ্যক্ষ বটন দাশ, অঞ্জন দে, রতন দে, মানু কান্তি দে, উত্তম শীল, উত্তম দাশ, সৌরভ দাশ গুপ্ত, অধীর দাশ এবং উৎসব কমিটির পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তিনদিনব্যাপী এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন।