মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের কচুয়ায় রাতে সেহরীর খাবার প্রস্তুত করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০) দগ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন। দগ্ধ তিনজনই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে তার ভাবি খাদিজা আক্তার সেহরী প্রস্তুত করার জন্য রান্না ঘরে যান। সেখানে পূর্ব থেকে গ্যাসি সিলিন্ডার লিকেজ হয়েছিলো। চুলায় আগুন দিতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলির শরীরে আগুন লেগে যায়।
তিনি আরো বলেন, বাড়ি থেকে তাদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে ভোর ৫টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গনমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে।