বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার কৃতিসন্তান মনজুর মোর্শেদ চৌধুরী। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তরে দায়িত্ব গ্রহণ করায় মাগুরাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
মনজুর মোর্শেদ চৌধুরী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের ব্যাপারীপাড়ার সন্তান। শৈশব ও কৈশোর কেটেছে নিজ এলাকায়। সততা, মেধা ও দক্ষতার মাধ্যমে দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম তদারকির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। নতুন স্বরাষ্ট্র সচিব হিসেবে মনজুর মোর্শেদ চৌধুরীর ওপর ন্যস্ত হয়েছে এ মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকির দায়িত্ব।
স্থানীয়রা জানান, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং মাগুরা জেলার জন্যও একটি গর্বের অধ্যায়। এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।
মাগুরাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।