কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্টমার্টিনের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক আব্দুল মালেক (৩২)। তিনি টেকনাফ সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের ছেলে এবং ইউনিয়ন জামায়াতের নেতা আব্দুর রহিম জিহাদীর ছোটো ভাই।
২৫ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ৩টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজার দরগাহপাড়াস্থ মহাসড়কে সিএনজি-ট্রাক মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মালেক।
নিহত আ. মালেকের স্বজনরা জানিয়েছেন- কক্সবাজার সদরের ঝিলংজাস্থ মালেক তার বোনের বাসা থেকে জরুরি কাজে রামু গিয়েছিলেন। রামু থেকে ফেরার পথে তিনি ঝিলংজার খরুলিয়ার দরগাহপাড়া মহসড়কে দুর্ঘটনার কবলে পড়েন। ওইখান থেকে পুলিশ মালেককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে আমাদের খবর দিলে আমরা বিষয়টা জানতে পারি।
ট্রাফিক সার্জেন্ট পারভেজ জানিয়েছেন- রামু থেকে কক্সবাজারগামী সিএনজি এবং কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাকের মাঝে সংঘর্ষ হয়। নিহত মালেক ওই সিএনজিতে অবস্থান করেছিলেন। অন্যদিকে ট্রাকটিও সংঘর্ষের পর পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করি। গুরুত্বর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জেনেছি।