খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গতকাল বৃহস্পতিবার ২৬ বেলা ২টার পর আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ ও ফরিদপুর গ্রামের জনগণের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আমান উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, অফিস সম্পাদক জহিরুল ইসলাম মজনুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এমপি অ্যাডভোকেট রাসেল তাঁর বক্তব্যে বলেন, “আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে আলমডাঙ্গা অঞ্চলকে একটি সুন্দর ও বাসযোগ্য আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদেরকে চুয়াডাঙ্গার সকল ভোটার ও মানুষের খাদেম হিসেবে কবুল করেছেন। তাই জনগণের সেবাই হবে আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, “কেউ যদি কারও ওপর জুলুম-নির্যাতন করে, তাহলে সে জনগণের কাছ থেকে ঘৃণিত হয়। আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কেউ যেন আমাদের দিয়ে খারাপ কাজ করাতে না পারে এবং কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে কারও ওপর জুলুম-নিপীড়ন না করেন।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় জনগণ নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এমপি রাসেল এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।