খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় মানবতার সেবায় আমরা ক’জন বন্ধুর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে এই মানবিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট বোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। তিনি বলেন মানবতার সেবায় মানব সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না, তাদেরকে একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি, ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবতার সেবায় আমরা ক’জন বন্ধু কমিটির সদস্য মোঃ সামসুল আলম, আব্দুর রাজ্জাক মন্টু, এনামুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, আব্দুল মালেক, এনামুল হক, মঞ্জুরুল ইসলাম লিটু, মহসিন কামাল প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন পরাগপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের। আলোচনা সভা শেষে ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।