হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের স্বনামধন্য বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী গোপাল চন্দ্র রায় পরলোকগমন করেছেন। ১০ মার্চ মঙ্গলবার বিকেল তিনটায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
বিদায়কালে তিনি ভাই,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিশিষ্ট সমাজসেবক,স্বনামধন্য ব্যবসায়ী গোপাল চন্দ্রের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পলাশবাড়ীর রাজনৈতিক,সামাজিক, ব্যবসায়ী,শিক্ষক ও সাংবাদিক সমাজ।
সনাতন ধর্মাবলম্বী,ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে বিশাল অবদান রেখেছেন গোপাল চন্দ্র। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনসহ সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন। তাঁর পরলোকগমনে পলাশবাড়ী উপজেলার বেসরকারিখাতে একজন সফল উদ্যোগতার শূন্যতা তৈরি হলো বলে মন্তব্য করেছেন পলাশবাড়ী সাংবাদিক সমাজ। গোপাল চন্দ্রের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় সুধীজন।
উল্লেখ্য,দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় দেশে এবং বিদেশে চিকিৎসাধীন ছিলেন গোপাল চন্দ্র। তার সুদীর্ঘ ব্যবসায়িক জীবনে অসংখ্য চড়াই-উতরাই, চ্যালেঞ্জ এবং সাফল্য এসেছে,তবে তিনি সততা,অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার মাধ্যমে সেগুলোর মুখোমুখি হয়েছেন। কখনো নৈতিকতার সাথে আপস না করে, তিনি দীর্ঘ মেয়াদে ব্যবসার প্রসার ঘটিয়েছেন এবং সাধারণ অবস্থান থেকে দুটি ইটভাটা পরিচালনার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে অসামান্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।