নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অর্থের বৈধতা যাচাইয়ে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্থাটির অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এই হিসাব অনুযায়ী, তাদের মিলিত অবৈধ সম্পদের পরিমাণ ৭৫ লাখ ১৮ হাজার টাকা। সম্পদের এই পরিমাণ তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে।
দুদক সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে চলতি বছরের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। একই সময়ে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। অনুসন্ধানের এই ধারাবাহিকতায় নতুন করে এই সম্পদ যাচাইয়ের নোটিশ জারি করা হলো। এখন জিএম কাদের ও তার স্ত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সকল সম্পদের বিবরণী ও বৈধ উৎস দুদকে জমা দিতে হবে।