নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। একজন নারী কর্মকর্তা হয়েও তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
ডোমারে যোগদানের পর থেকেই তিনি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও ডোমার পৌরসভার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। একাধিক দায়িত্ব পালন করলেও তিনি ক্লান্ত না হয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ইতোমধ্যে তিনি একজন মানবিক ইউএনও হিসেবে ডোমার উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
উপজেলায় যোগদানের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে এসেছে গতি ও পরিবর্তন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সেবামূলক মনোভাব ও সহজ-সরল আচরণের কারণে সাধারণ মানুষ সহজেই তার কাছে যেতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হয় না; যে কেউ ইচ্ছা করলে সরাসরি তার কাছে গিয়ে নিজের সমস্যা তুলে ধরতে পারেন।