শাহনাজ পারভীন মিতা:
পিছু ফেলে হেঁটে যাও
কষ্টের নদী কন্টকময় পথ,
যা তোমাকে যন্ত্রণা দেয়
রক্তাক্ত করে গভীর বেদনায় ।
হৃদয় যখন আটকে যায়
ভালোবাসার গহন শূন্যতায়,
থেমে যায় সুমধুর কন্ঠের সুর
উড়তে পারে না পাখি বহুদূর ।
গল্পের পাতা উল্টে ফেলো
নতুন গল্পের প্লট আঁকো,
জানালা খুলে দাও ,আলো আসুক
মনের অন্ধকার রোদে ভাসুক ।
নিজেকেই মেলে ধরো
শুধরে নাও আলোক রশ্মিতে,
প্রেমের জোয়ারে ভাসিয়ে নাও
খাঁচা ভেঙে ডানা মেলে দাও।
কিছু চাওয়া কিছু পাওয়া
একটাই জীবন মৃত্যুতেই যাওয়া ।