অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ আইন ও বিধিবহির্ভূতভাবে পটুয়াখালী জেলা থেকে কলাপাড়া উপজেলা শহরে যুগ্ম জেলা জজ তৃতীয় আদালত স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি-এর সামনে সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহর থেকে গুরুত্বপূর্ণ একটি আদালত উপজেলা শহরে স্থানান্তর করা হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়বে। তারা দাবি করেন, কলাপাড়া উপজেলা শহরে পর্যাপ্ত আইনজীবী নেই এবং আদালত পরিচালনার জন্য নিজস্ব কোনো ভবনও প্রস্তুত করা হয়নি। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়াই আদালত স্থানান্তর করা হলে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তরের ফলে নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে দাবি আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আইনজীবীরা।