বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ ১৪৪৭ হিজরি সনের রমজান মাস উপলক্ষে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ হার ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর সভাকক্ষে আয়োজিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ করেন।
কোন পণ্যে কত ফিতরা–
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী শরিয়াহ অনুসারে আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত হার হলো—
গম/আটা: অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা
যব: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ৫৯৫ টাকা
খেজুর: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৪৭৫ টাকা
কিসমিস: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৬৪০ টাকা
পনির: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা বাজারমূল্য ২,৮০৫ টাকা
কমিটি জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের খুচরা বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারদর অনুযায়ী পরিশোধের সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামের তারতম্য রয়েছে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা আদায় করলেও তা আদায় হবে বলে গণ্য হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত পণ্যগুলোর যে কোনো একটি বা তার সমমূল্য অর্থ প্রদান করে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন বলে কমিটি জানিয়েছে।