নিজস্ব প্রতিবেদক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম নামে এক তরুণের হত্যাকাণ্ড, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার এবং রাজধানীর উত্তরায় সংঘর্ষের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে।
সোমবার ১৬ মার্চ এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে রাকিবুল ইসলাম নামে এক তরুণকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। একই রাতে সাভারের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাজধানীর উত্তরায় রিকশাচালক, পুলিশ এবং একটি বাণিজ্যিক ভবনের নিরাপত্তাকর্মীদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনাও ঘটে।
সংগঠনটির নেতারা বিবৃতিতে উল্লেখ করেন, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার খবর প্রকাশিত হয়েছে, যা জনমনে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়াচ্ছে বলে সংগঠনটির দাবি।
ছাত্রশিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।