বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

পাখির খাবারের আড়ালে নিষিদ্ধ ২৫ টন পপি বীজ

আলোচিত কণ্ঠ প্রতিবেদন

বার্ড ফুড বা পাখির খাবারের আড়ালে চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার ৯৬০ কেজি ওজনের পপি বীজের একটি চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। চালানটি পাকিস্তান থেকে আমদানি করা হয়। চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) এইচএম কবির বলেন, জব্দ করা পপি বীজের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা। সাড়ে ছয় কোটি টাকার পণ্য মাত্র ৩০ লাখ টাকা মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হয়। পপি বীজ আমদানি-নিষিদ্ধ হওয়ায় এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ৯ই অক্টোবর বার্ড ফুড হিসেবে দু’টি কনটেইনারে ৩২ হাজার ১০ কেজি পণ্যের একটি চালান চট্টগ্রাম বন্দরে আসে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি খালাসের জন্য বেসরকারি অফ ডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের ডিপোতে নেয়া হয়। চালানটির আমদানিকারক চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কোরবানিগঞ্জ এলাকার মেসার্স আদিব ট্রেডিং। চালানটি খালাসের জন্য নগরীর হালিশহরের শান্তিবাগ এলাকার এমএইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড বার্ড ফুড ঘোষণা দিয়ে গত ১৪ই অক্টোবর কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করে।

পরে চালানটির উৎস, রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসার ধরন পর্যালোচনা করে চালানটিতে মিথ্যা ঘোষণার পণ্য আছে সন্দেহে খালাস স্থগিত করে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লক করে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে অক্টোবর ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের উপস্থিতিতে চালানটির কায়িক পরীক্ষা করে কাস্টমসের এআইআর শাখা। এতে কনটেইনার দু’টিতে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড ও ২৪ হাজার ৯৬০ কেজি পপি বীজ পাওয়া যায়। এরপর পণ্য দু’টির নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে পণ্য দু’টির মধ্যে ২৪ হাজার ৯৬০ কেজির চালানটির নমুনাকে পপি বীজ হিসেবে চিহ্নিত করা হয়। কায়িক পরীক্ষায় অংশ নেয়া কাস্টমস কর্মকর্তারা জানান, কন্টেইনারে মুখে বার্ড ফুড দিয়ে ভেতরে পপি বীজ ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়। পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর অনুচ্ছেদ ৩(১)(খ) অনুসারে আমদানি-নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পপি বীজ। তবে দেশে পপি সিডকে ‘পোস্তদানা’ মসলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষণে প্রাপ্ত পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। এসব পণ্য আমদানিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে।



লাইক করুন