জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় স্বরসতি নদীর পাড়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের মুন্টু মাস্টার নামে এক ব্যক্তি স্বরসতি নদীর পাড়সংলগ্ন সরকারি জায়গার ৭টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করেন। রবিবার (৩ মে) সকালে একই গ্রামের কুরান মণ্ডলের ছেলে আশরাফ আলী প্রায় ২০ হাজার টাকায় গাছগুলো কিনে কেটে ফেলেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে গাছের ডালপালা ফেলে রেখে তিনি সেখান থেকে চলে যান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো চরিয়া শিকার মৌজার ১৬৫৯ দাগের ২৯ শতক জমিতে অবস্থিত, যা চরিয়াশিকার উত্তরপাড়া নদীরদ্বারে জামে মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
মসজিদের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মুন্টু মাস্টার খাস জায়গা থেকে গাছ কেটে বিক্রি করছেন। আমরা আগে বাধা দিলেও পরদিন এসে দেখি গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা একটি খড়ির ভ্যান আটক করেছি। আমরা চাই এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার আইনানুযায়ী শাস্তির দাবি করেন।
গ্রামের মুসল্লি শাহারিয়ার মোর্শেদ অভিযোগ করে বলেন, এই জায়গাটি মসজিদের নামে ওয়াকফকৃত। কিন্তু মুন্টু মাস্টার জোরপূর্বক সেখান থেকে গাছ কেটে নিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মুন্টু মাস্টারের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার মুটোফোনে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।
হাটিকুমরুল ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা সুফল চন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নথিভুক্ত করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।