আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচি: সিরাজগঞ্জে ২,২০০ কৃষকের হাতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীকে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি কৃষকদের সরকারি সহায়তায় প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষিকার্ড বিতরণ করা হবে। একইসঙ্গে সুবিধাভোগী নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.এম. মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন-অর-রশিদ খান হাসান, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন ঠান্ডু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইদী রহমান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।