মু্ক্তার হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর হাটে কাঠপট্টিতে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের গুদাম ঘড় সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে গুদামের মালামাল ও দুটি মেশিন পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক আঃমানিক সেখ। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার(৬জুলাই) ভোর প্রায় ৪টার দিকে এনায়েতপুর হাট কাঠপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হঠাৎ মিলের মধ্য থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো টিনশেড জুড়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই টিনশেড গুদামঘর, ভেতরে থাকা সব আসবাবপত্র এবং দুটি মেশিন পুড়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স’মিলের মালিক মানিক সেখ বলেন, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিই। চোখের সামনেই অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি বাসায় ঘুমাচ্ছিলাম। ভোর ৪টার পরে খবর পাই স’মিলে আগুন লেগেছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, পরে এসে দেখি সব শেষ। ঘড়ে থাকা দুটি মেশিনসহ পুরো মালামাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। অন্তত ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেলকুচি ফায়ার সার্ভিসের লিডার রশিদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
#০৬-০৭-২০২৬#