সোমা রানী কর্মকার,সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ (০৫ নভেম্বর) বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সাথে সাক্ষাৎ করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি রেজওয়ান সেলিম, সহ-সভাপতি বিদ্যা অমৃত খান, পরিচালক নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান এবং ড. রশিদ আহমেদ হোসেনী।
আইএমএফ প্রতিনিধিদলের সদস্য ছিলেন সিনিয়র অর্থনীতিবিদ কিয়াও চেন এবং রুইফেং ঝাং এবং অর্থনীতিবিদ আয়া সাইদ।
দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যায়নের জন্য আইএমএফ দলকে বাংলাদেশের পোশাক খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির একটি সারসংক্ষেপ প্রদান করা হয়েছিল। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে শিল্পের প্রবৃদ্ধি টিকিয়ে রাখার কৌশলগত উপায়গুলি নিয়ে উভয় পক্ষ গভীর আলোচনা করেছে।
আলোচিত মূল বিষয়গুলির মধ্যে রয়েছে পোশাক রপ্তানির উপর মার্কিন শুল্কের সম্ভাব্য প্রভাব, স্বল্পোন্নত দেশের (এলডিসি) অবস্থা থেকে বাংলাদেশের আসন্ন উত্তরণের প্রভাব, টেকসই শিল্প প্রবৃদ্ধির কৌশল, মূল্য সংযোজন পণ্যে বৈচিত্র্যকরণ এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব।