আলোচিত কণ্ঠ ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন তিনি। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলিয়া।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, মা হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ইচ্ছা তার আরও বেড়েছে। তিনি বলেন, কখনো কখনো ভাবি, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে দেওয়া উচিত। কারণ তিনি চান, শুধু অভিনয় করেই পরিচিত হোন। কিন্তু এভাবে করলে তার কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হবে, যা তিনি চান না। তাই শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া ত্যাগ করেননি।
মাতৃত্ব আলিয়ার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। তার মানসিকতা ও জীবনধারায় এই পরিবর্তন স্পষ্ট। ব্যক্তিগত জীবন যতটা সম্ভব গোপন রাখতে চান, তবে ছোট মেয়ে রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সেই ছবিগুলো সংরক্ষণে আলিয়াকে কঠোর পরিশ্রম করতে হয়।
আগামীতে আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। ‘আলফা’তে শর্বরীর সঙ্গে অভিনয় করছেন, যেখানে অ্যাকশন দৃশ্য থাকবে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি, যেখানে তার সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল।