মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর গরু-ছাগলের হাটে আসন্ন কোরবানির পশু ক্রয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হয় বলে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাটের ইজারাদার মাসুদ রানা গতকাল মঙ্গলবার সকালে হাট চত্বরে সাংবাদিকদের এই তথ্য জানান।গত ১৫ মে ২০২৬ তারিখে অনলাইন পোর্টাল “জনতার কণ্ঠ”-এ প্রকাশিত ওই সংবাদে দাবি করা হয়, এনায়েতপুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায় করা হচ্ছে। তবে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইজারাদার মাসুদ রানা।
তিনি বলেন, সরকারি বিধি-বিধানের বাইরে অতিরিক্ত একটি টাকাও আদায় করা হয় না। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করিয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশে শুধু আমাকে নয়, ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। প্রকৃত সত্য উদঘাটন না করে অপপ্রচার চালানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক শেখ, মোঃ জনাব হাজী, হাবিব সরকার, সানোয়ার ব্যাপারী, আব্দুর রাজ্জাক শেখ, সারোয়ার সরকার, গরুর ব্যাপারি আলম মেম্বারসহ প্রমুখ।
হাটের সাবেক ইজারাদার আব্দুল খালেক শেখ ও জনাব হাজী বলেন, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।