শাহনাজ পারভীন মিতা
এখন গভীর রাত
তুমি আছো কি জেগে!
আমারই মত ভাবনার সায়রে।
চারিদিকে বৃষ্টির গভীর অনুরণন,
বঙ্গোপসাগর ছুঁয়ে মিরিঞ্জা পাহাড়ে
যেখানে পাহাড় ও মেঘের মিতালী
শুনতে কি পাচ্ছো তুমি
বৃষ্টির অবিরাম স্পন্দন।
ব্যাকুল শান্ত নদীজল মাতামুহুরী,
আকুল এই আমি,
বসন্ত ছুঁয়ে বর্ষা এসেছে;
রাতের শহর ছাপিয়ে আমার ঘরে।
রিমঝিম সুরে নুপূর নিক্কণে
বেলা -অবেলার গহন গানে।
গোলাপী বাগানবিলাস দুলছে হাওয়ায়,
জানালা ছুঁয়ে অবিরাম বৃষ্টির ধারায়,
গাংচিলের মতো গভীর তৃষ্ণায়;
ঠিক আমারি মতন ঝুম বর্ষায়।
তুমি এসো ,বর্ষাতি উড়িয়ে,
ধর দুটি হাত আমার,
দেখো কি শুস্ক হেমন্তের ঝরা পাতার মতন;
চল ভিজে যাই বৃষ্টিতে গভীর স্পন্দন।
আকুল প্রেমে রাত গভীরে অভিসারে,
ওই পলাশ শিমুল দোলনচাঁপা পাতাবাহারে,
দুলে যাই ,ভিজে যাই এই রাত্রি প্রহরে;
তুমি আমি বিস্মিত তাজমহলের মর্মরে।