শাহনাজ পারভীন মিতা
অপু ,তোমায় দেখলাম বহুদিন পর
সবে মাত্র সুর্য ডুবেছে ,নিউমার্কেটের সন্ধায়
দোকানে দোকানে নিয়ন বাতি জ্বলে উঠেছে,
তুমি দাঁড়িয়ে নিঃসঙ্গ একাকী বুক স্টোরের বাইরে ।
আমি নির্মলেন্দু গুণের কবিতার বই পড়তে পড়তে
বাইরে তাকিয়ে তোমায় দেখলাম ,
সন্ধার আলো -আঁধারিতে
বড্ড ম্লান দেখাচ্ছে তোমায়
ক্লান্ত তোমার উজ্জ্বল দুচোখ ।
অথচ বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল দিনগুলোতে
তুমি রইতে স্লোগানে মুখর ,
অবিরাম তোমার গতি
আমাদের দুজনের ঘর বাধার স্বপ্নও ম্লান হলো তোমার
মিছিল অবিরাম রাজনৈতিক উত্তাপে ।
ছাত্র আন্দোলনের তুমি প্রথম সারিতে
ভালোবাসা প্রেম তোমাকে ভাবায় না ,
কখনও আচমকা কোনো গোধূলি বেলায়
রমনা সোহরাওয়ার্দী উদ্যান বা টিএসসিতে
দুজন একসাথে গল্পে পথচলা
আমার নীল শাড়ীর আচঁল
কপালের টিপ চোখের কাজল
সবই ছিলো তোমার-ই জন্য ।
কিন্তু তোমার সময় কোথায় তা দেখবার
তারপর আমি চলে এলাম আরেক জীবনে,
নতুন মানুষ সংসার কিন্তু
মনের মাঝে শুধুই তুমি ।
আজ এত বছর পর তোমায় দেখে
মনে হলো মুক্তি দাও আমায়,
যে কবিতা আমি রচি তোমায় নিয়ে !
কাব্যগ্রন্থ-কথামালা তুমি