মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার রুহুল কবীর খানের বিশেষ নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার এতিমখানা পাড়ার আকরাম হোসেনের ছেলে আকাশ আহমেদ (২৫), নুরনগর কলোনি পাড়ার আবুল কাশেমের ছেলে অন্তর আলী (২৫), সুমির দিয়া পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে হাসিবুল রহমান শিপন (৩০), বাগানপাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে শান্ত ইসলাম (২৯) এবং বাগেরহাট জেলার মংলা থানার জয় মনি গ্রামের আক্কাস আলীর ছেলে আলি আকবর সুমন (৩০)। পুলিশ জানায়, আলি আকবর সুমন দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা এলাকায় অবস্থান করছিলেন এবং তার বিরুদ্ধেও সুনির্দিষ্ট মামলা রয়েছে।
অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত প্রত্যেকেই বিভিন্ন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার এজাহারনামীয় আসামি। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের দুটি পৃথক দল বৃহস্পতিবার গভীর রাতে সফল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি মিজানুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বেলা ১১টার দিকে বিজ্ঞ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, পুলিশের এই ঝটিকা অভিযানের পর চুয়াডাঙ্গার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।