অনলাইন ডেস্ক:
রাজশাহীর নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুমন আলীসহ (২৮) ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। চলতি বছরের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও ডিবি শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার রাজশাহী মহানগরীর নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুমন আলীর (২৮) বাড়ি এয়াপোর্ট থানার সিন্দুরকুসুম্বী গ্রামে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেপ্তার নওহাটা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুমন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।