আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় কথিত চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরার জেরে জাকারিয়া হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে সলঙ্গা থানার আমলী আদালতে জাকারিয়া হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, তার ভাই মোনাফ, মাহবুব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরজু মাস্টার, তার ছেলে নোমান আলী, বাইসুলসহ ১৯ জন দীর্ঘদিন ধরে কুতুবের চর মৎস্য আড়ত এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। একপর্যায়ে তারা বাদীর কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসব অভিযোগ নিয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, গত ১৪ জুলাই বিষয়টি তুলে ধরে এলাকাবাসী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই সংবাদ সম্মেলনে জাকারিয়া হোসেন সাংবাদিকদের কাছে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন।
অভিযোগে বলা হয়, সংবাদ সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা জাকারিয়া হোসেনকে দেশীয় অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে বরফকল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় এবং পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।