বাদল আহমেদ , স্টাফ রিপোর্টারঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এদিন মুখে মাস্ক ও শরীরে বোরকা পরা অবস্থায় আদালতে উপস্থিত হন অপু বিশ্বাস। এতে অনেকের মনেই প্রশ্ন জাগে—কেন বোরকা পরে আদালতে গেলেন এই তারকা? অবশেষে নিজের মুখেই জানালেন সেই কারণ।
অপু বিশ্বাস বলেন, “আদালত চত্বরে সবসময়ই মানুষের ভিড় থাকে। সেখানে কোনো তারকা গেলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। এতে করে বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আমি চাইনি এমন কিছু হোক, তাই বোরকা পরে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “শুরুর দিকে কেউ আমাকে চিনতেই পারেননি। কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল।”
চিত্রনায়িকা জানান, শুধু আদালত নয়, প্রয়োজনে বাসার বাইরে বের হওয়ার সময়ও পরিস্থিতি বিবেচনায় বোরকা পরে থাকেন তিনি।
অপু বিশ্বাস যে মামলায় জামিন পেয়েছেন, সেই মামলায় এর আগে গত ১৮ মে গ্রেফতার হয়েছিলেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুদিন পর তিনিও জামিন পান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ সময় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের একজন আন্দোলনকারী। পরে চিকিৎসা শেষে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
ওই মামলায় অপু বিশ্বাসের নাম ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ রয়েছে। একই মামলায় অভিনয়শিল্পী আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এসব তারকা ব্যক্তিত্ব বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন।
মামলার তদন্ত চলছে। তবে এ নিয়ে এখনো কোনো তারকার পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।