মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মোম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।
প্রতিষ্ঠানটির মালিক মো. জামিনুর রহমানের দাবি, তিনি রসিদ মূলে ওই চাল কেনেন। তবে ডিও গ্রহিতা নিয়ম-নীতি না মেনে চাল বিক্রি করেছেন এবং সেকারণে প্রাথমিকভাবে ওই চালের মজুদ অবৈধ বলে গণ্য হওয়ায় চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘গত ৩ আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২ দশমিক ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার।
এই বরাদ্দের ১৬ মেট্রিক টন (৫৩৩ বস্তা) চাল ছয়আনী বাজারের চালপট্টিতে টাঙ্গাইলের ব্যবসায়ী মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক মো. আমিনুল ইসলামের কাছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের ব্যবসায়ী মো. জামিনুর রহমান কিনে তা নিজের গুদামে মজুদ রাখেন।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে গুদামটিতে মজুদ করা চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু বলেন, ‘অভিযানে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তর এবং নেট ওজন ৩০ কেজি লেখা রয়েছে। জব্দ করা চালের ডিও দেখে জানতে পারি ওই চাল টাঙ্গাইল আনসারকে দেওয়া হয়। আনসার সেই চাল নিলয় ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।

পরে তার কাছ থেকে বীরগঞ্জের ব্যবসায়ী মো. জামিনুর রহমান ওই চাল কেনেন।’ তিনি বলেন, ‘যেহেতু এই চাল বীরগঞ্জ উপজেলার নয়। এ কারণে বিষয়টিতে আমাদের দায়বদ্ধতা নেই। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বীরগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে।’