আলোচিত কণ্ঠ ডেস্ক
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বকীয় দক্ষতায়। নাটক, বিজ্ঞাপনসহ নানা মাধ্যমে নিয়মিত কাজ করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও মাহি বরাবরই খোলামেলা, যা তাকে অন্যান্য অনেক তারকার থেকে আলাদা করে তোলে।
দীর্ঘদিন ধরে মাহি প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের এক যুবকের সঙ্গে। এই সম্পর্ক নিয়ে কখনো লুকোচুরি করেননি তিনি। বরং প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন, প্রকাশ করেন ভালোবাসার অনুভূতি। এমনকি ভক্তদের সঙ্গেও প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি জানান, প্রেমিককে প্রকাশ্যে আনার পেছনে রয়েছে তার নিজস্ব চিন্তাভাবনা ও বিশ্বাস। মাহি বলেন, “আমার মনে হয় না যে ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার ভক্তদের জানার প্রয়োজন আছে। আমি মানুষকে জানাতে চাই, আমার জীবনে একজন আছে—এটা একান্তই নিজের পছন্দ। তবে আমি যতটুকু জানাতে চাই, ঠিক ততটুকুই জানাই, এর বাইরে সবকিছু আমার।”
তিনি আরও বলেন, “আমি স্বচ্ছতা পছন্দ করি। আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশিরভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায়, এটা তাদের উদ্দেশ্যে বলছি—তারা জানুক, আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।”
বিয়ের বিষয়ে জানতে চাইলে মাহি জানান, তাদের সম্পর্ক এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। বিয়ের ব্যাপারে কোনো চাপ নেই, সিদ্ধান্ত পুরোপুরি সময় এবং পারস্পরিক সম্মতির ওপর নির্ভর করে। তার কথায়, “আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব।”
সামিরা খান মাহির এই খোলামেলা অবস্থান শুধু তার সাহসীকতাকেই তুলে ধরে না, বরং তারকাজগতে একটি ব্যতিক্রমী বার্তা দেয়—নিজস্ব জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ও সম্পর্কের স্বচ্ছতা একজন নারীর শক্তির প্রতীক হতে পারে।