আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পার্টনার কংগ্রেস’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১১টায় বেলকুচি উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহায়তায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও আধুনিক, পুষ্টিনির্ভর ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ (শুভ) এবং মো. মোছাব্বিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকান্ত ধর। বক্তব্যে তিনি জানান, PARTNER প্রকল্পের মাধ্যমে উপজেলার কৃষিতে ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
সভায় বক্তারা PARTNER প্রকল্পের গুরুত্ব, লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং ধানের ১০০টি উন্নত জাত নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কৃষি উৎপাদন ব্যবস্থার উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় পার্টনার ফিল্ড স্কুলের কৃষকরাও তাদের অভিজ্ঞতা, সফলতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি, পার্টনার স্কুলের কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।