আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে তমা (২৩) নামে এক স্কুলছাত্রীর আমরণ অনশনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পৌর শহরের শ্যামলী পাড়ায় অভিযুক্ত রাজিন প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর অভিযোগ, রাজিনের সঙ্গে তার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজিন বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের বিষয়ে কথা উঠলে রাজিন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এবং বর্তমানে বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন।
স্কুলছাত্রী জানান, “রাজিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি আমার পরিবারের কাছে গিয়ে অন্য কোথাও বিয়ে না দেওয়ার জন্য অনুরোধও করেছিল। কিন্তু এখন সে কথা রাখছে না। আমি তাকে বিয়ে করতে চাই। সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমার বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না।”
তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে রাজিনের বাড়িতে গেলে রাজিন ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন এবং সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির ভেতরে রেখে ঘরে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা পেছনের দরজা দিয়ে চলে যান বলে দাবি করেন তিনি।
ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি নিয়ে পৌর শহরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই স্কুলছাত্রী। অন্যদিকে অভিযুক্ত রাজিন ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, অভিযোগগুলো ভুক্তভোগী তরুণীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।