শাহনাজ পারভীন মিতা
আমার নীরব অভিমান
একাকিত্বের কষ্টগুলো
চুপিচুপি বয়ে চলি,
ভেসে যাই প্রবহমান জলস্রোতে
মিশে যাই মিলে যাই
অতল সমুদ্রে।
যেখানে ঝিনুকের ভেতর
মুক্তো ফলাই
নীল বেদনার ।
মুক্তোর মত ঝরে পড়ি
মানুষের মাঝে জনারণ্যে
হাসির উচ্ছাসে কবিতার ছন্দে।
শব্দের সাথে শব্দের প্রেমে
আমি কবি হয়ে উঠি
হীরকের মত জ্বলজ্বল চোখে,
যে চোখে লুকানো গভীর মায়া
মুক্তোর মত অশ্রু বিন্দুতে
কাজল কালো সিন্ধুতে ।
যেখানে খেলা করে প্রেম আমার
মুক্তির আহ্বানে
ঝরা পাতার গানে ।
একাকী হেটে চলা নিঃসঙ্গ সন্ধ্যায়
পাহাড়ের সাথে মিতালী করে,
নীড়ে ফেরা পাখিদের ভীড়ে
আমিও খুজে ফিরি
আপনার নীড় ।
ভালোবাসা প্রেমের মধুর আহ্বানে
কবিতায় রাতজাগা অজানা অভিমানে।