ক্রীড়া প্রতিবেদকঃ এক বছরের বিরতি শেষে আবারও কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আজ (১৪ জুলাই) থেকে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা।
এবারের টুর্নামেন্টে দেশের ছয় বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ৪৫৭ জন শাটলার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৭৭ জন পুরুষ এবং ৮০ জন নারী খেলোয়াড় রয়েছেন।
মূলত সিনিয়রদের জন্য আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ১৬ বছরের কম বয়সী কোনো শাটলার অংশ নিতে পারছেন না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, “এই টুর্নামেন্টে কেবল ঊর্ধ্ব-১৬ বয়সী শাটলাররাই খেলতে পারবেন। আগে এই নিয়ম থাকলেও তেমনভাবে তা মানা হতো না। এবার আমরা যাচাই-বাছাই করে তবেই অংশগ্রহণের সুযোগ দিয়েছি।”
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আজ বিকাল সাড়ে পাঁচটায় করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল।
উল্লেখ্য, টুর্নামেন্টে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে খেলা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাটলারদের অংশগ্রহণে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ বেশ প্রতিযোগিতামূলক ও জমজমাট হবে বলে আশা করছেন আয়োজকরা।
জাতীয় পর্যায়ের এই আসরটি ব্যাডমিন্টন খেলায় নতুন গতি ও প্রতিভা অন্বেষণে বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।