ক্রীড়া প্রতিবেদকঃ ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে পাত্তাই পেল না ফরাসি জায়ান্ট পিএসজি। ৩-০ গোলের শোচনীয় পরাজয়ে শিরোপা হাতছাড়া হওয়ার পর মেজাজ হারান পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে চেলসির হয়ে তৃতীয় গোল করা ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে শারীরিকভাবে আঘাত করেন তিনি।
তবে এ বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করেছেন এনরিকে। তার দাবি, পরিস্থিতি সামাল দিতেই তিনি সেখানে গিয়েছিলেন, তবে ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে ধাক্কা দিয়ে পেদ্রোকে মাটিতে ফেলে দেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় ম্যাচের ৮৬ মিনিটে। চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার চুল টেনে ধরা নিয়ে সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেস। মাঠে তখন উত্তেজনা ছড়ায়নি, তবে শেষ বাঁশি বাজার পর চেলসির বড় জয়ে হতাশ হয়ে পড়ে পিএসজি শিবির। এরপর দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
চেলসির পেদ্রো, পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং ডিফেন্ডার আশরাফ হাকিমির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় এনরিককে পেদ্রোর মুখে ধাক্কা দিতে দেখা যায়, যা নিয়েই শুরু হয় বিতর্ক।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “চাপে পড়ে নিজের অনুভূতি প্রকাশ করায় আমার কোনো সমস্যা নেই। এটা আমাদের সবার জন্যই কঠিন মুহূর্ত ছিল। আমি শুধু পরিস্থিতি ঠাণ্ডা করতে চেয়েছিলাম, খেলোয়াড়দের আলাদা করাই ছিল মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, “চেলসির কোচ এনজো মারেস্কাকেও আমি দেখেছি, তাকেও পরিস্থিতি সামলাতে খেলোয়াড়দের ঠেলতে হয়েছে। এটা কোনো পরিকল্পিত বিষয় ছিল না। মনের চাপ থেকে প্রতিক্রিয়া এসেছিল।”
এদিকে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো অবশ্য পুরো বিষয়টি সহজভাবে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি ওদের নিয়ে কিছু বলতে চাই না। কারণ এটা স্বাভাবিক। সবাই জিততে চায়, আর হারলে এমন প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায়। তবে এখন আমরা উদযাপন করব, কারণ আমরা টুর্নামেন্ট জিতেছি। এর বেশি কিছু বলার নেই।”
চেলসির দাপুটে জয়ে ক্লাব বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশ জায়ান্টরা। আর পিএসজির জন্য আবারও আন্তর্জাতিক শিরোপা অধরা রয়ে গেল।