সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়েছে সদর পৌরসভা।
বুধবার বিকেলের ম্যাচে নির্ধারিত ৭০ মিনিট গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা (১৯) একমাত্র গোলটি করে পৌরসভাকে জয় এনে দেন। ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য সদর উপজেলার অধিনায়ক ও গোলরক্ষক শাহিন রেজা (২৩) ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গণপতি রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভা—মোট ১০টি দল অংশ নিচ্ছে।