সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাহবুবুর রহমান ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
কাজীপুর থানার পরিদর্শক তদন্ত আবু সাইদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়ির আঙিনায় গাঁজার চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১২ ফুট উচ্চতা ও আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুবুর রহমান গাছটির পরিচর্যার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।