সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন (পিতা: মৃত ইনসাফ আলী)। তারা তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোভ্যান ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে–মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্বামী–স্ত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহতরা হলেন—অটোভ্যান চালক মগরিব আলী (পিতা: চুবানদি প্রামাণিক), মনোয়ারা খাতুন (স্বামী: মৃত আব্দুল মজিদ), আব্দুর রউফ (পিতা: মৃত নুর মোহাম্মদ) এবং এক অজ্ঞাতনামা যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং অন্যদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।