বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— খুলনার দাকোপ উপজেলার মাওলানা আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে গাড়ি পার্ক করে চা খাওয়ার সময় মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। তিনি সেটি ঠিক করছিলেন, এমন সময় রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আমানত শেখও মারা যান।
জানা গেছে, খুলনা থেকে জামায়াতের নেতা-কর্মীরা প্রায় ২৬০টি বাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে রওনা হন। নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।